মোঃ গুলজার রহমান, বগুড়া প্রতিনিধি:
"World drug problem: persisting issues, new challenges, innovative responses" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬" উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার যৌথ উদ্যোগে মাদকবিরোধী বন্ধন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (বটতলা) প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান।
অনুস্থানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ইমামগণ, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা বলেন, "মাদকের ভয়াবহ থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে শুধু আইনি পদক্ষেপ যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা, জনমত গঠন এবং একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।"
দিবসটি উদযাপন উপলক্ষে জেলাজুড়ে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্টিকার ও পোস্টার সংযোজন, লিফলেট বিতরণ, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ এবং ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে শহরের ১২টি পয়েন্টে ফ্রি কাউন্সিলিং সেবা। এছাড়া সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রতিটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিগত দিনের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও উদ্ধারকৃত মাদকের পরিসংখ্যান তুলে ধরা হয়।
পরিসংখ্যানে জানানো হয়, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত গত ৫ মাসে জেলায় মোট ৮৩৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩৩৬টি মামলা দায়েরের মাধ্যমে ৩৫০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও বুপ্রেনরফিন অ্যাম্পুলসহ নগদ ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত বেশ কিছু যানবাহন জব্দ করা হয়েছে।
এর আগে, বিগত ২০২৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলায় ১,৮০৩টি অভিযান চালিয়ে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেফতার করেছিল। সভায় আরও জানানো হয়, মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে বর্তমানে মানিলন্ডারিং আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে বগুড়া জেলা কার্যালয় নির্মাণের জন্য বর্তমান সরকারের আমলে ১ একর জমি বন্দোবস্ত প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠান শেষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।