সাখাওয়াত, ভ্রাম্যমাণ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এমদাদুল হক। গ্রেপ্তারকৃত আকরাম হোসেন উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নে তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে আকরাম হোসেনসহ একদল দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে সড়কের পাশের একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তিনি চিৎকার করলে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ভুক্তভোগী নিজেই থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।