প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা বিশ্বরোড মোড়ে আয়োজিত এ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১১ নভেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তারা এসব রায়কে কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান। নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব রায় দেওয়া হয়েছে। তাই অবিলম্বে এসব রায় প্রত্যাহার করতে হবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।