মোঃ মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি,জামালপুর৷
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে জামালপুর জেলা পুলিশ।মাদারগঞ্জ উপজেলার এক চাকরিপ্রত্যাশীকে এএসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র ২৫ লাখ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে তারা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং কথিত চুক্তিপত্র গ্রহণ করে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীর পক্ষ জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করে। পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি পুলিশের অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত মেলান্দহের মোঃ শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) এবং পাবনার মোঃ রকিবুল ইসলাম রকিব (৩৮)-কে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কথিত চুক্তিপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়। চাকরি দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।