মোঃ হাবিবুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার, নেত্রকোনা:
মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার লক্ষ্যে নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের এক সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত মানবাধিকার জোটের নেত্রকোনা জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম সাগর। সভা পরিচালনা করেন জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক সুমন আহমেদ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত মানবাধিকার জোটের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা, সাংবাদিক মোনায়েম খান, সহ-সভাপতি শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রতন রহমান, নাসিম খান পাঠান এবং সাংবাদিক সালমান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সদর উপজেলা ও অন্যান্য উপজেলা কমিটি গঠন, দায়িত্ব বণ্টন, সদস্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান, স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, অফিস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
বক্তারা বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে মানবাধিকার সংগঠনগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় সম্মিলিত মানবাধিকার জোটকে আরও সক্রিয়, সংগঠিত ও জনমুখী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।