জুয়েল সিকদার,সিনিয়র রিপোর্টার ঢাকা জেলা
দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড়দের খুঁজে বের করার বৃহৎ উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা মেধাবী খেলোয়াড়দের দীর্ঘমেয়াদে গড়ে তুলতে সরকার একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্বাচিত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর অংশ হিসেবে তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-সহ দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা ভবিষ্যতে পেশাদার ক্রীড়াবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে যোগ্য খেলোয়াড়দের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও সৃষ্টি করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ভিত্তি আরও শক্তিশালী করবে। ভবিষ্যৎ ক্রীড়া উন্নয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এবারের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। খেলাগুলো রাজধানীর বিভিন্ন ভেন্যুতে আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং কমপ্লেক্স, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।
যদিও প্রতিযোগিতা শুরু হবে ১৮ জুলাই, তবে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ২১ জুলাই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়াবিদ ও ক্রীড়া বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।