এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ ও অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ মোঃ আব্দুস সাত্তারকে (৬০) গ্রেফতার করেছে জেলা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বদলগাছী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেলে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুস সাত্তার একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে। তিনি প্রতিবেশী ওই দুই শিশুকে বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের পরিত্যক্ত একটি মাটির ঘরে নিয়ে যান। সেখানে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ এবং তার সঙ্গী ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বদলগাছী থানার ওসির নেতৃত্বে তিনটি বিশেষ টিম গঠন করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ টিমগুলো রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে আজ সকালে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা অপরাধ দমনে জেলা পুলিশ অত্যন্ত কঠোর। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।