স্টাফ রিপোর্টার: আ: মান্নান টিপু
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত ৭ জুলাই ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ৫১ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান মো. আব্দুল কাদেরকে সহ-সভাপতি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় নেতৃত্ব এ কমিটির অনুমোদন দেয়। এর আগে কমিটি গঠন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হলেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দাবি ছিল।
মো. আব্দুল কাদের ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।
এদিকে, ফরিদগঞ্জের সন্তান আব্দুল কাদেরের এ পদে অন্তর্ভুক্তিতে এলাকাসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রতিক্রিয়ায় মো. আব্দুল কাদের বলেন, যারা দুঃসময়ে সংগঠনের জন্য রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন করায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তিনি ছাত্রদলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।