শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ভোররাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (৮ জুন) ২০২৬ ভোরে ফজরের নামাজের সময় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর জেলা শহরে সংগঠনটির পক্ষ থেকে এটিই প্রথম প্রকাশ্য কর্মসূচি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে যখন সাধারণ মুসল্লিরা মসজিদে ফজরের নামাজে ব্যস্ত ছিলেন, তখন ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নিয়ে শহরের পায়রা চত্বর থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়।
মিছিলটির সামনে থেকে নেতৃত্ব ও স্লোগান দেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান।
মিছিলকারীরা ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ করো’ এবং ‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ লেখা সংবলিত একটি ব্যানার বহন করেন।
মিছিলটি শহরের প্রধান সড়কে মাত্র ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে ফিরে বীরের বেশে’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
ভোরবেলা হওয়ায় এবং প্রশাসনের নজরদারি এড়াতে স্থানীয় লোকজন বা পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই মিছিল শেষ করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সকালে এই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয়েছে।
তিনি বলেন, "ফজরের সময় সুযোগ বুঝে তারা মিছিলটি করেছে। আমাদের কাছে পর্যাপ্ত ভিডিও ফুটেজ রয়েছে।
ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে।
দ্রুতই তাদের আইনের আওতার এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
শহরের সামগ্রিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসন বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।