
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
১২/০৩/২০২৬
ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরের দিকে জেলার ভাটই বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভাটই বাজার এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় সেখানে কয়েকজন যুবক মাদক সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে তিনজনকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।
পরে আটক তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ঝিনাইদহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু শাহা তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
র্যাব জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত হোটেলটি মাদক সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। প্রশাসনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।