মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাস বিলে নির্মাণাধীন ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ডা. মিজানুর রহমান।
সম্প্রতি গণমাধ্যমে নিউজ প্রকাশ করেন, সড়ক নির্মাণকাজে ভাঙারি ইট ব্যবহারের অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য ডা. মিজানুর রহমান সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এবং উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান। তারা নির্মাণকাজের বিভিন্ন ধাপ, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং নিম্নমানের ইটের ব্যবহার রোধ করে চলমান কাজে উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, চলমান নির্মাণকাজের গুণগত মান সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন। এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা মানের সঙ্গে আপস করা যাবে না। সরকারি নীতিমালা ও প্রকৌশলগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও জাকির মুন্সী এবং উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমানও নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রামদাস বিল এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ ছিল। সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন, সাধারণ যাত্রী এবং স্থানীয় মানুষের চলাচল অনেক সহজ হবে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের নিয়মিত তদারকির মাধ্যমে নির্ধারিত মান বজায় রেখেই প্রকল্পটির কাজ দ্রুত সম্পন্ন হবে