একজনের অবস্থা আশঙ্কাজনক এস এম জসিম বিশেষ প্রতিনিধি পাহাড়তলী, চট্টগ্রাম): চট্টগ্রাম নগরীর আকবরশাহ ও পাহাড়তলী থানা এলাকায় পরিবহন খাতে চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১৩৪৯ রেজিস্ট্রেশনভুক্ত কমিটির দুই সদস্য গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজন বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকবরশাহ থানার আওতাধীন এলাকায় ‘২০৭৫ বাংলা রিকশা কমিটি’র নেতা মোহাম্মদ টুটুল ও মো. নুর ইসলামের নির্দেশে একদল সন্ত্রাসী ম্যাক্সিমা, টেম্পু এবং অটোরিকশা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছিল। ওই রাতে দুই ম্যাক্সিমা চালকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় চালকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ঘটনাস্থলে জড়ো হয়ে এলোপাতাড়ি হামলা চালায়। পাহাড়তলী থানার আওতাধীন এ.কে. খান মোড় সংলগ্ন ‘কুটুমবাড়ি’ রেস্তোরাঁর পাশের একটি বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ভুক্তভোগীদের ওপর অতর্কিত আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় আহত ব্যক্তিরা সরকারিভাবে নিবন্ধিত ‘১৩৪৯ কমিটি’র সদস্য বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, তারা বৈধভাবে রেজিস্ট্রেশন নম্বর নিয়ে কার্যক্রম শুরু করার মাত্র তিন দিনের মাথায় চাঁদাবাজ চক্রের এই হামলার শিকার হলেন। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে পাহাড়তলী থানা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়। খবর পেয়ে পুলিশের একটি দল সাদা পোশাকে (সিভিলে) ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের হাসপাতালের চিকিৎসা সনদ (মেডিকেল সার্টিফিকেট) সংগ্রহ করে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।