প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ২:৫২ পি.এম
চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার
কক্সবাজার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটে বানিয়াছড়া বাজার থেকে প্রায় ২০০ মিটার উত্তরে ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী “লাল সবুজ পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একইমুখী একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—ঢাকার উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.