ফরহাদ সিনিয়র, স্টাফ রিপোর্টার, ঘাটাইল (টাঙ্গাইল) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিট এলাকায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ জানতে পারে যে কুমারপাড়া এলাকায় একটি অসাধু চক্র বনের জমি জবরদখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। খবর পাওয়া মাত্রই ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণের সময় জবরদখলকারী দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, "বনের জমি রক্ষায় আমরা সর্বদা সজাগ। সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"