খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগের সময় দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা, আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিভিন্ন কৌশল হাতে–কলমে প্রদর্শন করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন তাৎক্ষণিক পদক্ষেপ এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের মহড়ার মাধ্যমে মানুষ বাস্তব পরিস্থিতিতে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে সে সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে।
তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।