আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড-এর উৎপাদিত বিভিন্ন ভোক্তা পণ্যের গুণগত মান ও ব্যবহার বাড়াতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের প্রাচীন এই শিল্প প্রতিষ্ঠানটির উৎপাদিত চিনি, ভিনেগার, ডিনেচার্ড স্পিরিট, জৈবসার ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ডিস্টিলারি পণ্য ইতোমধ্যেই বাজারে সুনাম অর্জন করেছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, আখ থেকে উৎপাদিত কেরুর চিনি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ১ কেজি ও ২ কেজি প্যাকেটে দেশের বিভিন্ন বাজারে চিনি সরবরাহ করে আসছে। মানসম্মত উৎপাদন প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব পণ্য প্রস্তুত করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়াও কেরুর মল্টেড ও সাদা ভিনেগার গুণে ও স্বাদে অনন্য বলে দাবি করা হয়েছে। আচার, সস সংরক্ষণ, বিভিন্ন রান্না এবং সুস্বাদু সালাদ তৈরিতে এই ভিনেগার ব্যবহার অত্যন্ত উপযোগী। অনেক গৃহিণী ও রন্ধনপ্রেমীর কাছে কেরুর ভিনেগার ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
গৃহস্থালির বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহারের জন্য কেরুর ডিনেচার্ড স্পিরিটও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এটি দ্রুত কার্যকর হওয়ায় বিভিন্ন জীবাণুনাশক ও পরিচ্ছন্নতা কাজে কার্যকর ভূমিকা রাখে বলে জানানো হয়েছে।
কৃষি খাতে অবদান রাখতে প্রতিষ্ঠানটি জৈবসারও বাজারজাত করছে। এই জৈবসার মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির গঠন উন্নত করা, পানিধারণ ক্ষমতা বাড়ানো এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সহায়ক বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। ফলে কৃষকদের মাঝে এর ব্যবহার ক্রমেই বাড়ছে।
এছাড়াও হাত ও ত্বক জীবাণুমুক্ত রাখতে কেরুর হ্যান্ড স্যানিটাইজার একটি দ্রুত কার্যকর জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, কেরুর উৎপাদিত সব পণ্যই গুণগত মান বজায় রেখে প্রস্তুত করা হয় এবং দেশীয় শিল্পকে এগিয়ে নিতে এসব পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।