প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ২:৩১ পি.এম
ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থায় ইরানের হামলা:

বিশেষ প্রতিনিধি (আতাউর রহমান)
ইরান ইসরায়েলি মহাকাশ গবেষণা সংস্থায় হামলা চালিয়েছে। রবিবার (২২ মার্চ) ইরানের সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আক্রান্ত সংস্থাটি হলো ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই), যা ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা। ইরান এর স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালিয়েছে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত। সংস্থাটি উন্নত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, তাদের ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআই-এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। তবে হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, ইরানি বাহিনীকে সম্মুখ সমরের শত্রুর পাশাপাশি গুপ্তচরদের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। এই অভিযানে ২৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আল জাজিরা এ খবর দিয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানের মারকাজি প্রদেশে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরায়েল-সমর্থিত গণমাধ্যমকে সামরিক স্থাপনা সম্পর্কিত তথ্য সরবরাহ এবং 'অস্থিরতা' সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। একই সময়ে, গোলেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলার পরিকল্পনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে বিভিন্ন অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে যে, বিদেশে বসবাসকারী ১৫ জন ইরানি নাগরিকের 'অপরাধমূলক কর্মকাণ্ড' নথিভুক্ত করে বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.